
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৭ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ১১১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬৩ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জন।
শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৩৩৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন।
এদিকে, গত বুধবার (২৭ জানুয়ারি) থেকে দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের প্রথমদিন ২৬ জনকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়। আর ভ্যাকসিন কার্যক্রমের দ্বিতীয় দিনে রাজধানীর পাঁচটি হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাকসিন কার্যক্রম বন্ধ রাখা হবে। এ কয়েকদিন ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের পর্যবেক্ষণ করা হবে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে আবার ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে।
অন্যদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৩০ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২৬ লাখ ২৮ হাজার ১৮৩ জন এবং মৃত্যু হয়েছে ২২ লাখ ১৬ হাজার ২৭৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৪৩ লাখ ২৩ হাজার ৮৮১ জন।



