
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি বাংলাদেশের কাছে পাঁচ হাজার করোনাভাইরাসের টিকা চেয়েছে বলে জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
রোববার দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো জানান, হাঙ্গেরি ছাড়াও দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও বাংলাদেশের কাছে টিকা চেয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে নিজেদের স্টক থেকে সবাইকে টিকা দেয়া হবে।
এসময় শাহরিয়ার আরও বলেন, এখন পর্যন্ত বিশ্বের মাত্র ২২টি দেশ এখন পর্যন্ত করোনার ভ্যাকসিনেশনের কার্যক্রম শুরু করেছে, বাংলাদেশ যার অন্যতম। মাত্র ৩৫টি দেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন কেনার জন্য চুক্তিবদ্ধ হতে পেরেছে। বাংলাদেশের জন্য এটা একটা বড় অর্জন, বড় যোগ্যতা। অথচ বিএনপি-জামাত গোষ্ঠী ভ্যাকসিন নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
‘হাঙ্গেরি আমাদের কাছে ৫ হাজার ডোজ টিকা চেয়েছে, আমরা হাঙ্গেরিকে ৫ হাজার ডোজ পাঠাবো। প্রথম বিশ্বের দেশ হাঙ্গেরি। সেই হাঙ্গেরির মতো দেশ এখনও করোনা ভ্যাকসিন পায়নি। আমরা হাঙ্গেরিকে ভ্যাকসিন পাঠিয়ে দেবো। বলিভিয়াও আমাদের কাছে টিকা চেয়েছে। সে বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। ’



