
করোনার কারণে বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে এবার এইচএসসি ও সমমানের সব পরীক্ষার্থী পাশ করলেও তাদের সামনে নতুন চ্যালেঞ্জ উচ্চ শিক্ষা ভর্তি। বিপুল সংখ্যক শিক্ষার্থীর তুলনায় প্রয়োজনীয় সংখ্যক বিশ্ববিদ্যালয় না থাকায় কারিগরী শিক্ষার দিকে বিশেষ নজর সরকারের।
বৈশ্বিক প্রতিযোগিতা মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা।
করোনার কারণে বাতিল হয় গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। মূল্যায়ন পদ্ধতিতে শনিবার প্রকাশিত ফলাফলে পাস করে সব পরীক্ষার্থী। বিপুল সংখ্যক শিক্ষার্থীর উচ্চ শিক্ষা নিশ্চিতে কিছুটা সীমাবদ্ধতা থাকলেও কোন সংকট হবে না বলে জানান সংশ্লিষ্টরা।
দেশে-বিদেশে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে জানিয়ে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পরামর্শ দিয়েছেন, বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের উপ-পরিচালক প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম।
এছাড়া, কারিগরি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এ বিষয়ে ইতিবাচক প্রচার প্রচারণার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।
শাহরিয়ার রাজ, বাংলা টিভি



