বাংলাদেশঅন্যান্য

ভাঙা হবে কমলাপুর রেল স্টেশন

বর্তমান কাঠামো ঠিক রেখে কমলাপুর রেল স্টেশনটি ভেঙে আরও উত্তরে নতুন করে নির্মাণে সম্মতি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। রোববার (৩১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানায়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস জানান, ‘কমলাপুর স্টেশন বিল্ডিংয়ের আগে এমআরটি লাইন-৬-এর সিজর ক্রসিংয়ের স্থান সংকুলান করার জন্য এমআরটি-৬ (ম্যাস র‌্যাপিড ট্রানজিট) লাইনের প্ল্যানে স্টেশন বিল্ডিং উত্তর দিকে স্থানান্তর করা হবে এবং এ বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশ রেলওয়ে ও ডিএমটিসিএল (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড) সম্মত হয়েছে। ’

গত বছরের ডিসেম্বরে সভাটি অনুষ্ঠিত হয়। এ মাসের দ্বিতীয় সপ্তাহে সভায় প্রকাশ করা হয় সিদ্ধান্তগুলো। রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য স্টেশনটি বর্তমান অবস্থান থেকে ১৩০ মিটার উত্তরে সরিয়ে নিতে হবে।

বাংলাদেশ রেলওয়ে ও মেট্রোরেল কর্তৃপক্ষের এই বৈঠকের পর রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের বলেন, নতুন পরিকল্পনা অনুযায়ী বর্তমান স্টেশন ভবনটি ভেঙে ফেলা হবে এবং এর উত্তরে তৈরি করা হবে অনুরূপ একটি স্টেশন। এটি যেহেতু একটি আইকনিক স্থাপনা, তাই ভেঙে ফেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কমলাপুর স্টেশনটি ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী একটি স্থাপনা। এটি গত শতাব্দীর ষাটের দশকের আধুনিক স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যেও অন্যতম। কমলাপুর স্টেশনটি স্থানান্তর করতে গত বছর নভেম্বরে বাংলাদেশ রেলওয়ে ও মেট্রোরেল কর্তৃপক্ষ একটি নতুন পরিকল্পনায় ঐকমত্যে পৌঁছায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button