
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রচার করায় বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম ও সংবাদদাতা কাজী ফরিদকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদ ও হুমকিদাতাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
শুক্রবার কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে এক মানববন্ধনে এই দাবি জানায় সাধারণ সাংবাদিকবৃন্দ। আগামী সাত দিনের মধ্যে হুমকি দাতাদের বিচারের আওতায় আনা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুমকি দেন সাংবাদিক নেতারা। এসময় মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল করেন গণমাধ্যম কর্মীরা।
গত ১১ থেকে ১৫ই জানুয়ারি পর্যন্ত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনিয়ম, দুর্নীতি ও অদক্ষতা নিয়ে প্রতিবেদন প্রচার করে বৈশাখী টেলিভিশন। এরপরই বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদককে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি ও খামে কাফনের কাপড় হিসেবে পাঠানো হয় সাদা এক টুকরা কাপড়। এতে ক্ষোভে ফেটে পড়ে সাংবাদিক সমাজ।
প্রতিবাদে রাজধানীর কারওরানবাজারে মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা।



