স্বাস্থ্য বীমায় গুরুত্ব বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

করোনার ধাক্কার পর এখন স্বাস্থ্যবিমার উপরে গুরুত্ব দিতে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য মানুষের আগ্রহ বাড়তে বিমা সহজীকরণসহ যাতে কোন অনিয়ম-দুর্নীতি না হয়, সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, উন্নয়ন তরান্বিত করে, বিশ্বে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ।
সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বন্ধবন্ধু শিক্ষা বিমার উদ্বোধনও করেন তিনি।
জীবনযাত্রায় বীমার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য বীমার পাশাপাশি স্বাস্থ্যবিমাতেও গুরুত্ব দিতে হবে। করোনা পরিস্থিতির পর সবাইকে স্বাস্থ্যবীমা সম্পর্কে সচেতন করার আহবান জানান সরকারপ্রধান।
এছাড়া সেবা গ্রহণে মানুষের আগ্রহ বাড়াতে, বীমার প্রক্রিয়া সহজীকরণের কথা বলেন তিনি। সেইসঙ্গে এ খাতে অনিয়ম-দুর্নীতি বন্ধে সজাগ দৃষ্টি রাখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
উন্নয়নশীলের যোগ্যতা অর্জিত হওয়ায়, লক্ষ্য অটুটু রেখে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



