শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (৩ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের এই কথা জানান তিনি।
এসময় মন্ত্রী জানান, ভ্যাকসিন দেওয়ার বয়সসীমা আরও কমানো হবে যদি আরও ভ্যাকসিন আনা সম্ভব হয়। এছাড়া বিদেশি নাগরিক, সরকারি কর্মচারী, বিভিন্ন পোর্টে যারা কাজ করেন তাদের ভ্যাকসিন দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী টিকা পাবেন বিদেশিরা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আরো বলেছেন, গত ১ মাস দেশব্যাপি ভ্যাকসিন প্রদানে বাংলাদেশের প্রশংসা কেবল দেশেই নয়, বিদেশ থেকেও হয়েছে। এখন পর্যন্ত দেশের ৪৫ লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষ ভ্যাকসিন নিতে রেজিস্ট্রেশন করেছে এবং ইতোমধ্যেই ৩৩ লাখ ৪১ হাজারেরও বেশি মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে।
ইতোমধ্যেই দেশের ১ হাজার ৭টি ভ্যাকসিন বুথে পর্যাপ্ত ভ্যাকসিন পাঠানো হয়েছে। আগামী জুলাই পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কোভ্যাক্স এর ১ কোটি ৯ লাখ ভ্যাকসিনসহ মোট ৪ কোটি ভ্যাকসিন দেশের মানুষের শরীরে প্রদানের পরিকল্পনা নেয়া হয়েছে।
ভ্যাকসিন প্রদানে বিশ্বের বহু দেশ এখনও হিমশিম খাচ্ছে। কিন্তু দেশের স্বাস্থ্যখাত এই ভ্যাকসিন প্রদানে এখন পর্যন্ত যথেষ্ট সফলতা দেখিয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে আগামীতেও ভ্যাকসিন প্রদানে দেশের সুনাম বিশ্বব্যাপী অক্ষুন্ন থাকবে।



