ফতুল্লায় অগ্নিকান্ড: দগ্ধ একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের চুলার লিকেজ থেকে অগ্নিকান্ডে দগ্ধ একজন মারা গেছেন। বুধবার ভোরে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, মোহাম্মদ বিশাল নামের ওই ব্যাক্তি।
তার শরীরের ৯৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। দগ্ধ অন্য পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশংঙ্কাজনক বলেও জানিয়েছেন শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ২৬ বছর বয়সী পোশাক শ্রমিক মিশালের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার স্ত্রী মিতা বেগম (২৩), তাদের মেয়ে আফসানা আক্তার (৪), দেড় বছরের ছেলে মিনহাজ, মিশালের দুই শ্যালক মো. মাহফুজ (২৪) ও সাব্বির হোসেন (১৫) হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোমবার রাতে মাসদাইর পতেংগার মোড়ে একটি ভবনে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়।
স্বজনরা জানান, গ্যাসের চুলার লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে ওই ফ্ল্যটের বিভিন্ন রুমে তা জমাট বেঁধে থাকে। রাতে খাওয়ার পর পরিবারের কেউ সিগারেট অথবা মশার কয়েল জ্বালানোর উদ্দেশ্যে আগুন জ্বালালে মুহূর্তের মধ্যে ঘরে আগুন ধরে যায় এবং অন্যান্য রুমে ছড়িয়ে পড়ে।
এ সময় পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাদের ডাক চিৎকারে বাড়ির অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা এসে আগুন নেভানোসহ দগ্ধদের ঢাকা মেডিকেলে পাঠায়।



