
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬০ জনের মৃত্যু, এর আগে প্রায় তিন সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল শুক্রবার করোনায় মৃতের সংখ্যা কমেছিল। এ দিন করোনায় ৫৭ জনের মৃত্যু হয়েছিল। আজ শনিবার আবার এই সংখ্যা বাড়লো। এই ৬০ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ৫১০ জন।
শনিবার (১ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৫২ জন। এ নিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৬০ হাজার ৫৮৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৫ জন আর এখন পর্যন্ত সুস্থ হলেন ৬ লাখ ৮৪ হাজার ৬৭১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয় ১৪ হাজার ৮২১টি।১৫ হাজার ১১৭টি নমুনা পরীক্ষায় ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ৬১ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য দুই শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৫১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬০ জনের মধ্যে পুরুষ ৩৭ জন এবং নারী ২৩ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন আট হাজার ৩৯০ জন, আর নারী মারা গেছেন তিন হাজার ১২০ জন।
৬০ জনের মধ্যে ষাটোর্ধ্ব আছেন ৩৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিন জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে একজন।
বাংলাটিভি/শহীদ



