ঈদযাত্রা নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা

করোনার প্রকোপের মধ্যেও, ঈদে ঘরে ফেরা মানুষের মাধ্যমে সারাদেশে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাড়ি বাড়ি ফিরে পরিবারের সাথে অবস্থান এবং সেখানকার জনজীবনে রোজকার চলাফেরায়, সবাইকে কঠোর স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছেন তারা। এছাড়া সীমান্ত অঞ্চল হয়ে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট যাতে প্রবেশ করতে না পারে, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখার আহবান বিশেষজ্ঞদের। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে।
গত বছরের মতো এবারো ঈদের এই সময়টায় করোনার বড় ধাক্কা সামলাতে হচ্ছে। সংক্রমণ ঠেকাতে দেশে সরকারীভাবে কঠোর বিধি-নিষেধ চলছে। দূরপাল্লার যাত্রীবাহন বন্ধ রেখেও ঠেকানো যায়নি ঘরমুখোদের ঈদযাত্রা। গত কয়েকদিনে, ভেঙে ভেঙে পথে পথে ঝুঁকি নিয়ে করোনা স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই বাড়ি ফিরেছে বহু মানুষ।
সড়কে-ফেরিঘাটে গাদাগাদি করে যাত্রায়, এমন জনস্রোত সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে বহুমাত্রায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা যেহেতু করোনার অধিক সংক্রমিত স্পট, ঈদযাত্রার কারণে তাই সারাদেশে করোনা ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যা দৃশ্যমান হতে পারে ঈদের পরপরই।
বাড়ি ফিরে, যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাহলে অবশ্যয় দ্রুত সময়ের মধ্যে তাকে আলাদা করে, চিকিৎসা নিশ্চিত করতে হবে।
এছাড়া ঈদে সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও অনেক মানুষ যাচ্ছেন। তাই ভারতীয় ভ্যারিয়েন্টে তারা যাতে অধিক সংক্রমিত না হন, সেদিকেও সজাগ থাকার আহবান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বাড়ি ফেরা মানুষদের পরিবারের সাথে অবস্থানের ক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের।
বাংলাটিভি/ বুলবুল আহমেদ



