
তীব্র গরম আজও মহাসড়ক ও নৌরুটে ঢাকামুখি মানুষের স্রোত অব্যাহত রয়েছে। অসহনীয় হলেও জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছেন এসব কর্মজীবী মানুষেরা। এদিকে, পদ্মার দু’ঘাটেও নগরমুখী কর্মজীবী যাত্রীদের ঢল আছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জ হাটিকুমরুল চৌরাস্তা গোলচত্ত্বরে আজও ছিল ঢাকামুখি মানুষের প্রচন্ড চাপ। প্রতিদিনের মতোই পণ্যবাহী ট্রাকই ছিলো যাত্রীদের ভরসা। তীব্র গরমে শিশু,নারী-পুরুষের চাপে তিলধারণের জায়গা ছিলো না এসব যানবাহনে।
বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরিতে শিমুলিয়া প্রান্তে রাজধানীমুখি ঈদ ফেরত যাত্রীদের উপচে পড়া ঢল অব্যাহত রয়েছে। পাশাপাশি রাজধানী থেকেও যাত্রীরা দক্ষিণাঞ্চল যাচ্ছেন স্বাভাবিক দিনের মতো।
ভোর থেকে বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে যানবাহনের চাইতে যাত্রীদের উপস্থিত বেশী দেখা গেছে। সকাল থেকে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার অব্যাহত রেখেছে বিআইডব্লিউটিসি।
লঞ্চ ও স্পীডবোট বন্ধ থাকায় ফেরিগুলোতে ছিলো যাত্রীদের চাপ। দুরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস



