
করোনার সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। লকডাউনের বিধিনিষেধ কার্যকরে কাজ করছে পুলিশ সদস্যরা। আর গোপালগঞ্জে তিন ইউনিয়নে চলছে পঞ্চম দিনের মতো লকডাউন। এদিকে, আখাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের আসা অব্যাহত রয়েছে। সংক্রমণ এড়াতে প্রশাসনকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন স্থানীয়রা।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জে চলমান লকডাউন আরও সাতদিন বাড়ানো হয়েছে। দুপুরে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এর আগে গত ২৪ মে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ১১ দফা নির্দেশনা দিয়ে এক সপ্তাহের জন্য জেলায় বিশেষ লকডাউন ঘোষণা করা হয়।
সংক্রমণ এড়াতে ভারত থেকে ফেরা বাংলাদেশিদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন স্বাস্থ্যবিভাগের এই কর্মকর্তা।
আর সীমান্ত এলাকায় করোনা সংক্রমন রোধে বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানালেন বিজিবির এই কর্মকর্তা।
গোপালগঞ্জ সদর উপজেলার তেলিভিটা গ্রামসহ তিন ইউনিয়নে চলছে পঞ্চম দিনের লকডাউন। লকডাউন ঘোষিত এলাকায় এখন পর্যন্ত ৪৭ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে।
করোনা সংক্রমণের আরেক হটস্পট নাটোরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে না আসার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের আসা অব্যাহত রয়েছে। শনিবার সন্ধ্যায় ভারত ফেরা দুই ব্যক্তির নমুনার ফলাফল পজিটিভ আসে। এ নিয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ফেরত ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস



