রাজনীতিতে বিএনপির থাকা না থাকা নিয়ে জনগণের আগ্রহ নেই

রাজনীতিতে বিএনপি থাকা না থাকা নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২ জুন) সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিএনপির নেতারা রাজনীতিতে সোচ্চার আছেন, তাদের এমন দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি থাকুক তবে অপরাজনীতি ত্যাগ করে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করুক, সরকারের গঠনমূলক সমালোচনা করুক। বিএনপি আছে তবে ভিন্ন কায়দায়। তাই তো জনগণ মনে করে বিএনপি আছে বলে ষড়যন্ত্র ও আন্দোলনের নামে আগুন সন্ত্রাসও আছে।
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বলেন, এসব বক্তব্য বিএনপির চলমান ভাঙা রেকর্ড, যা তারা বাজিয়েই যাচ্ছে। প্রতিহিংসা নয়, সরকার উদার বলেই বিএনপি নেত্রী এখন পছন্দের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারছেন।
সরকারের পায়ের নিচে মাটি নেই, সরকার গণবিচ্ছিন্ন—বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন চান, বিচ্ছিন্নতার মাপকাঠি কী? নির্বাচনই যদি মাপকাঠি হয় তাহলে সাম্প্রতিক নির্বাচন, উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য প্রায় সব নির্বাচনে প্রমাণ হয়েছে জনগণ কার সঙ্গে আছে। ভবিষ্যতেও প্রমাণ হবে জনগণ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনের সঙ্গে আছে নাকি বিএনপির সঙ্গে আছে।
শেখ হাসিনার উন্নয়ন এবং ভবিষ্যতমুখী রাজনীতি বিএনপির ষড়যন্ত্র ও উন্নয়নবিমুখ রাজনীতিতে সংকটের প্রকট ছায়া ফেলেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তাই বিএনপি এখন হতশ্রী ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল। বিএনপি জলাতঙ্ক রোগের মতো জনগণ ও নির্বাচন আতঙ্কে ভুগছে।
বিএনপি এখনো হাওয়া ভবনের কালো চশমা পরে আছে বলে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ দেখতে পায় না, দেখলেও তা সহ্য হয় না বিএনপির পেছনে শুধু ব্যর্থতা।
বাংলাটিভি/এস



