বাংলাদেশ

লকডাউনে ফাঁকা ঢাকার পথঘাট

করোনা সংক্রমণরোধে কঠোর লকডাউনের নবম দিন চলছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ এমনিতেই যানবাহন ও জনচলাচল অনেকটাই কম। সড়কে নিয়মিত টহলে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। বাইরে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যৌক্তিক কারণ দেখাতে না পারলে চলছে আটক-জরিমানা। এদিকে, নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর অনেক জায়গাতেই খোলা ছিলো দোকানপাট।

দোকানের অর্ধেক শাটার খুলে চলছে বেচাকেনা। পুলিশের টহল এলেই বন্ধ, পরক্ষণেই আবার খোলা। কঠোর লকডাউনের কারণে দীর্ঘদিন ব্যবসা বন্ধ থাকায়  জীবিকার তাগিদে এভাবেই কাজ চালাচ্ছেন, রাজধানীর অনেক দোকানী।

এদিকে, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার তুলনামূলক ফাঁকা রাজধানীর সড়কগুলো। এরপরও বাড়ির বাহির হন কেউ কেউ। স্বাস্থ্যবিধি না মেনে আড্ডাও দিতে দেখা যায় অনেকেই।

রাজধানীর প্রগতি সরণী, রামপুরা, মালিবাগ, বাসাবো, মোহাম্মাদপুর এলাকার সড়কে যানবাহন চলাচল ছিলো একেবারেই কম। জরুরি প্রয়োজনে অনেকে রিকশায় চলাচল করেন।

এদিকে, লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিতভাবেই কঠোর অবস্থানে রয়েছেন। অকারণে কেউ বাইরে থাকলে, তাদেরকে জিজ্ঞাসাবাদ ও জরিমানা করা হয়।

ভাইরাস সংক্রমণরোধে, নাগরিকদেরকে সচেতন হয়ে লকডাউনের সময়ে বাড়িতে থাকার পরামর্শ দেয়া হচ্ছে।

বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button