
দেশে পৌঁছেছে মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই চালান আসে।
এ সময় ঢাকায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জোঅ্যান ওয়াগনার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে উপহারের এই টিকা তুলে দেন। এ নিয়ে দুই দফায় কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ৫০ লাখ ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র।
সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মডার্নার টিকা পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছেন।
এদিকে কোভ্যাক্সের মাধ্যমে এবং সরাসরি বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্র যে ৩ কোটি ডোজ টিকা বরাদ্দ করেছিল তাতে বাংলাদেশের নাম ছিল। গত ২২ জুন হোয়াইট হাউস করোনার টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৮টি দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে নতুন করে ১ কোটি ৬০ লাখ ডোজ টিকা দেওয়ার ঘোষণা দেয়।
এ ছাড়া বিশ্বের আরও ৩০টি দেশ ও জোটকে যুক্তরাষ্ট্র সরাসরি যে ১ কোটি ৪০ লাখ ডোজ টিকা দেবে, সেই তালিকায়ও রয়েছে বাংলাদেশের নাম।
বাংলাটিভি/ এস



