
ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে গ্রেফতার হেলেনা জাহাঙ্গীরকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ শুক্রবার রাতে এই আদেশ দেন। এর আগে বিকেলে র্যাব-১ এর কার্যালয় থেকে গুলশান থানায় তাকে হস্তান্তর করা হয়।
র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, বিশেষ ক্ষমতা আইন, বন্য প্রাণী সংরক্ষণ আইন ও টেলিযোগাযোগ আইনে আলাদা মামলা করা হবে। এসময় তিনি আরও জানান, একটি উচ্চাভিলাষী উদ্দেশ্য বাস্তবায়ন করতে নানা ধরনের অবৈধ পন্থা, অপকৌশল ও প্রতারণার আশ্রয় নিয়েছেন হেলেনা জাহাঙ্গীর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া গেছে। র্যাব আরো জানায়, হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন আইপি টিভি চ্যানেল জয়যাত্রার কোনো অনুমোদন ছিল না। তাই সেটির কার্যালয় সিলগালা করে দেওয়া হয়েছে।
বাংলাটিভি/ এস



