বাংলাদেশ

মোবাইল ছিনিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রীকে হত্যা, আটক ৪

বাংলা টিভি ডেস্ক: ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন মোনারুল ইসলাম নামে এক যাত্রী। ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেয় বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় মঙ্গলবার (২৪ নভেম্বর) নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে সংযোগস্থল থেকে এক নারীসহ চারজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উচ্চপ্রযুক্তি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোনারুল ইসলাম পাবনার টেবুনিয়া এলাকার ঘরনাপাড়া গ্রামের নওশেরের ছেলে।

আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের লিজা খাতুন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুর রহিম, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মরশেদ আলী এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার হৃদয়।

ঘটনার বিবরণে জানা যায়, মোনারুল ইসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে রাজশাহীর উদ্দেশে যাত্রা করেন। ট্রেনটি গাজীপুরের কালিয়াকৈর উচ্চপ্রযুক্তি পার্ক এলাকায় পৌঁছালে ছাদে অবস্থান করা কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

এ সময় ছিনতাইকারীদের সঙ্গে মোনারুলের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর মঙ্গলবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে সংযোগস্থলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ওই চারজনকে আটক করে রেলওয়ে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তারা ছিনতাই ও যাত্রীকে ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল বিন আহসান বলেন, ঘটনাটি ঢাকা রেলওয়ে জেলা তদন্ত করছে। এ বিষয়ে তারা প্রয়োজনীয় সহযোগিতা করছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরো বিষয়টি ঢাকা রেলওয়ে জেলা তদন্ত করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button