সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার ওই হামলা চালায় তারা। তবে ক্ষেপণাস্ত্র কোনো লক্ষ্যে আঘাত হানার আগেই তা প্রতিহত করেছে সৌদি।
এদিকে, সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দাম্মাম শহরে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র টুকরো টুকরো হয়ে দাম্মামের শহরতলীর আশেপাশে ছড়িয়ে পড়ার সময় দুই শিশু আহত হয়েছে। এছাড়া আরও প্রায় ১৪টি আবাসিক ভবনের সামান্য ক্ষতি হয়েছে।
সৌদি জোট ওই হামলার জন্য ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীকে দায়ী করেছে। তবে হুথি গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ওই হামলার দায় স্বীকার করা হয়নি। সৌদি জোট জানিয়েছে, জাজান এবং নাজরান প্রদেশের দিকে আরও দু’টি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে।
এর আগে সৌদি জোট জানিয়েছিল,সৌদি আরব লক্ষ্য করে তিনটি বিস্ফোরক ড্রোন দিয়ে হামলার চেষ্টা প্রতিহত করেছে তারা। সৌদির পূর্বাঞ্চলে দেশটি বেশিরভাগ তেলক্ষেত্র অবস্থিত। এর আগেও ওই এলাকায় বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে।



