
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা দাখিলের শেষ দিন আগামীকাল বুধবার। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ এবং তা পূরণ করে জমা দেয়া যাবে।
মঙ্গলবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান আরজু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন প্রার্থীদের জন্য কিছু করণীয় সম্পর্কে একটি নির্দেশনা জারি করা হয়েছে।
সরাসরি ছাড়াও এবারই প্রথমবারের মতো অনলাইনে মনোনয়ন জমা দেয়া যাবে। বুধবার মনোনয়নপত্র জমা দিলেও প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন না। এজন্য তাদের ১০ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিন ইসি থেকে প্রতীক বরাদ্দের পরই প্রচারণার কাজ শুরু করা যাবে।
এদিকে, মঙ্গলবার ইসির এক নিদের্শনায় বলা হয়েছে, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় প্রার্থী বা তার পক্ষে শোডাউন করা যাবে না। প্রার্থী বা তার পক্ষে ৫ জনের বেশি লোক রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভীড় করতে পারবেন না। নির্বাচন সামনে রেখে কোন প্রার্থী জনসভা, মিছিল, মিটিং করতে পারবেন না। কেবল পথসভা করতে পারবেন। প্রার্থীদের পোস্টার হতে হবে সাদাকালো। প্রতিটি পোস্টারের নিচে পোস্টারের সংখ্যা, প্রেসের ঠিকানা, প্রকাশকের নাম দেয়া বাধ্যতামূলক। না হলে সেসব পোস্টার নির্বাচন কমিশনের কাছে অবৈধ বলে বিবেচিত হবে। পোস্টারের সাইজ হতে পারবে সর্বোচ্চ ২৩ ইঞ্চি বাই ১৮ ইঞ্চি।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় হলফনামা আকারে ৮টি তথ্য দিতে হবে। ব্যয়ের উৎসের বিবরণী, আয়কর রিটার্নের কপি জমা দিতে হবে। মনোনয়ন ফরমে কোন ভুল হলে প্রার্থিতা বাতিল হবে। তাই সম্ভাব্য প্রার্থীকে সতর্কতার সঙ্গে মনোনয়নপত্র পূরণ করতে হবে। মনোনয়ন দাখিলের আগে প্রার্থীকে অবশ্যই যে কোন তফসিলী ব্যাংকে নতুন হিসাব খুলতে হবে। নির্বাচনের সমুদয় ব্যয় এ একাউন্ট থেকেই করতে হবে। এই একাউন্টের নম্বর, ব্যাংক ও শাখার নাম মনোনয়নপত্রে উল্লেখ করতে হবে
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনকে সামনে রেখে প্রার্থীদের জন্য আচরণবিধি সম্পর্কে নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন।
বাংলা টিভি/টিএইচ/এবি



