ইয়েমেন বিমানবন্দরে সৌদি জোটের বিমান হামলা

ইয়েমেনের প্রধান বিমান বন্দরে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সোমবার রাজধানীতে সানা বিমান বন্দরে এ হামলা চালান হয়।
সৌদি জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আন্তঃসীমান্ত বিমান হামলা চালানোর কাজে বিমানবন্দরটিকে ব্যবহার করা হত।একই সঙ্গে বিমানবন্দরটি জাতিসংঘ নেতৃত্বাধীন মানবিক ত্রাণ সহায়তার প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
বিমান হামলার আগে জোটের তরফ থেকে জাতিসংঘ ও সাধারণ মানুষকে বিমানবন্দর ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করা হয়েছিল বলে আল আরাবিয়া দাবি করেছে। এই বিমান হামলায় বিমানবন্দরের কতটা ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের একজন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল টার্কি আল-মালকি জানায়, বিমানবন্দরে মোট ছয়টি জায়গায় আক্রমণ করা হয়েছে। তবে সেই জায়গাগুলিতে আক্রমণ করা হলেও বিমান চলাচলের উপর কোনো প্রভাব পড়েনি বলে তার দাবি।
তবে কোন পক্ষই এখনো হামলার বিস্তারিত প্রকাশ করেনি। গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেন ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে গৃহযুদ্ধের তীব্রতা বেড়েছে।
২০১৫ সালে হাউসি বিদ্রোহীরা সানা থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হস্তক্ষেপ করেছিল।
সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটির হাজার হাজার লোক নিহত হয়েছেন এবং এ গৃহযুদ্ধ প্রতিযোগী আঞ্চলিক শক্তির মধ্যে একটি ‘প্রক্সি’ যুদ্ধে পরিণত হয়েছে।
বাংলাটিভি/ রাপ্পি



