ওমিক্রনের প্রভাবে যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে কোভিডে আক্রান্ত হচ্ছে শিশু ও অপ্রাপ্তবয়স্করা

করোনাভাইরাসের নতুন আবিষ্কৃত ধরন ওমিক্রনের প্রভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ব্যাপকভাবে কোভিডে আক্রান্ত হচ্ছে শিশু ও অপ্রাপ্তবয়স্করা; সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এ রোগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশু-কিশোর-কিশোরীর সংখ্যাও।
শুক্রবার এক বিবৃতিতে নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ‘শিশু ও অপ্রাপ্তবয়স্কদের করোনায় আক্রান্ত হওয়া এবং এতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির প্রবণতা প্রতিদিনই বাড়ছে। নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, গত ৫ ডিসেম্বর থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশু-অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা বেড়েছে চারগুণ।’
বিবৃতিতে আরও বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া এসব শিশু ও অপ্রাপ্তবয়স্কদের প্রায় অর্ধেকেরই বয়স ৫ বছরের চেয়ে কম।
২০২০ সালে মহমারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় মোট সংক্রমণ ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ওমিক্রনের কারণে দেশটিতে ফের ঊর্ধ্বমূখী হয়েছে দৈনিক সংক্রমণের হার।
বাংলাটিভি/শহীদ



