আন্তর্জাতিক

হিমালয়ে তুষারধসে ১০ পর্বতারোহী নিহত, নিখোঁজ ২৮

ভয়াবহ তুষারধসে ভারতের উত্তরাখণ্ডে কমপক্ষে দশজনের মৃত্যু হয়েছে।  নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ নামক পর্বতশৃঙ্গে ভয়াবহ তুষারধসে আটকে পড়ে ৪১ জন সদস্যের একটি পর্বতারোহী দল। উত্তরকাশী-ভিত্তিক নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং (এনআইএম)-এর প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকরা এই দলে ছিলেন । এর মধ্যে ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা এখনও আটকে রয়েছেন।

এনআইএমের অধ্যক্ষ কর্নেল অমিত বিষ্ট জানিয়েছেন, মঙ্গলবার রাত পর্যন্ত দুর্ঘটনাস্থলে ১০ জনের মরদেহ দেখা গেছে, তার মধ্যে মোট চারটি উদ্ধার করা হয়েছে। আজ সকালে উত্তরকাশী দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা দেবেন্দ্র পাটওয়ালের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে আট পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে।

তুষারধসের ঘটনায় নিখোঁজ ২৮ জনের নামের একটি তালিকা প্রকাশ করেছে উত্তরাখণ্ড পুলিশ। এদের মধ্যে বিভিন্ন রাজ্যের প্রশিক্ষণার্থীদের নাম রয়েছে।

এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার কার্যালয়ে এক বিবৃতিতে  শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। তিনি আরো বলেন; উদ্ধার অভিযান চলছে এবং কর্তৃপক্ষের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

বাংলা টিভি / হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button