ভারতের প্রবীণ রাজনীতিবিদ মুলায়ম সিং যাদব মারা গেছেন

ভারতের প্রবীণ রাজনীতিবিদ মুলায়ম সিং যাদব মারা গেছেন। সোমবার (১০ অক্টোবর) সকালে ভারতের গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। বর্ষীয়ান এই রাজনীতিক ছিলেন ভারতের সমাজবাদী পার্টির পিতৃপুরুষ।
একইসঙ্গে দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। এছাড়া ভারতের প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্বপালন করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বিগত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন মুলায়ম সিং যাদব। মূত্রনালিতে সংক্রমণসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। গত ২২ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
রোববার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মুলায়ম সিং যাদবের শারীরিক অবস্থা ভালো নয়। এসময় তাকে আইসিইউতে রাখার পাশাপাশি জীবনরক্ষাকারী ওষুধ দেওয়ার কথাও জানানো হয়। তবে সোমবার সকাল সাড়ে আটটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
বাংলা টিভি/ হীরা



