আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা চলে না: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কখনোই তুলনা চলে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি এমন রাজনৈতিক দল, যারা নিজেদের গঠনতন্ত্রই মানে না। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে ৪৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৫টি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে কোটালীপাড়ায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা অতিমারি,রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহ নানা সমস্যা মোকাবেলা করে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে বর্তমান সরকার।
সরকারপ্রধান বলেন, ক্ষমতায় গিয়ে বিএনপি করে দুর্নীতি, আর আওয়ামী লীগ করে দেশের মানুষের উন্নয়ন। দুর্নীতি করে ভাগ্য গড়তে নয়, দেশের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে আওয়ামীলীগ সরকার।
জঙ্গিবাদ,সন্ত্রাস,মাদক ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।



