লাহোরে ফের ১৪৪ ধারা জারি

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে ফের ১৪৪ ধারা জারি করেছে প্রাদেশিক কর্তৃপক্ষ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে শনিবার (১১ মার্চ) গভীর রাতে ১৪৪ ধারা জারি করা হয়।
রোববার (১২ মার্চ) লাহোরে ইমরানের ওই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের সমাবেশকে ঘিরে সহিংসতার আশঙ্কার কারণে লাহোরে একদিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে পাঞ্জাব সরকার। রোববারের এই সমাবেশের আগে শনিবার গভীর রাতে এই পদক্ষেপের কথা ঘোষণা করা হয়।
এছাড়া পাঞ্জাব সরকার সতর্ক করে বলেছে, পরিস্থিতি ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে’ সভা-সমাবেশের ওপর এই নিষেধাজ্ঞা বাড়ানো হতে পারে।
এদিকে, এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মীর পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘আইন নিজের হাতে তুলে না নেওয়ার’ অনুরোধ করেছেন।
সংবাদ সম্মেলনে প্রাদেশিক রাজধানী লাহোরে ১৪৪ ধারা জারি করা হচ্ছে জানিয়েছে তিনি বলেছেন, কাউকে এখানে সমাবেশ বা জনসমাবেশ করতে দেওয়া হবে না।



