ডিএমপির অভিযানে পাল্টেছে মহাখালীতে চিরচেনা যানজটের রুপ

মহাখালী বাস টার্মিনাল এলাকার চিরচেনা যানজট নির্মূলে জোরালো অভিযানে নেমেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। যত্রতত্র লোক ওঠানামা কিংবা রাস্তার উপরে বাস পার্কিং করলেই, নেয়া হচ্ছে কঠোর অ্যাকশন। এই অভিযানের ফলে মহাখালীর আশপাশের সিগনালগুলোতে কমেছে গাড়ির চাপ। নগরীর গুরুত্বপূর্ণ এই অংশের সড়কে বহু কাঙ্খিত শৃঙ্খলা ফেরায় স্বস্তি প্রকাশ করেছে যাতায়াতকারীরা।
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকা। সবসময়ই যানজটে ঠাসা থাকে। দূরপাল্লার বাসগুলো অধিকাংশ সময়ই রাস্তার ওপরে পার্কিং করে রাখায় সড়ক সংকুচিত হয়ে ব্যস্ত নগরীর অন্যান্য যানবাহন চলাচল দুরূহ হয়ে পড়ে। এর প্রভাব পড়ে আশপাশের সিগনালগুলোসহ বিকল্প সড়কগুলোতে।
সেই জটিল আকার ধারণ করা মহাখালী টার্মিনাল এলাকা ঘিরে এবার যানজট নির্মূলে কঠোর তৎপরতায় নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। দূরপাল্লার বাস আসার সাথে সাথেই স্বল্প সময়ের মধ্যে যাত্রী নামিয়ে সরিয়ে দেয়া হচ্ছে, যাত্রী নিয়ে যাওয়া বাসগুলোও অহেতুক দাঁড়িয়ে থাকলে ব্যবস্থা নেয়া হচ্ছে।
পুলিশের এই কড়া তৎপরতার ফলে মাত্র দু’দিনেই পাল্টে গেছে মহাখালী বাসস্ট্যান্ড, মহাখালী রেলগেট, কাকলী, আমতলী, নাবিস্কোসহ আশপাশের পয়েন্টগুলোর চিরচেনা চিত্র। আগেকার ঘন্টার পর ঘন্টার আটকে থাকা জটলা এখন আর নেই। স্বাচ্ছন্দ্যে ফাঁকা রাস্তায় চলছে যানবাহন।
ঢাকার চাকার গতি সচল রাখতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন ডিএমপির গুলশান ট্রাফিক জোনের কর্মকর্তারা।
এদিকে, অন্যান্য যানবাহনের যাতায়াতকারীদের মতো মহাখালী টার্মিনালে দূরপাল্লার বাসের চালকরাও জানালেন পুলিশের অভিযানে স্বস্তির কথা।
এছাড়া, রাজধানীর সড়কজুড়ে বিভিন্ন পয়েন্টে ফিটনেসবিহীন যানবাহনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিআরটিএর অভিযান চলমান রয়েছে।
বাংলা টিভি / বুলবুল



