আঘাত হানলো প্রবল ঘূর্ণিঝড় রিমাল, সুন্দরবন উপকূলে জলোচ্ছ্বাস

প্রবল ঘূর্ণিঝড় রিমাল আঘাত হেনেছে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে। সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা,খুলনা,বাগেরহাট,পটুয়াখালী জেলার সাগরঘেঁষা বিভিন্ন এলাকা ঘূর্ণিঝড়ের প্রভাবে প্লাবিত হয়েছে কয়েকফুট উচ্চতার জলোচ্ছ্বাসে।
সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ের অগ্রভাগ আঘাত হানে উপকূলে,বর্তমানে ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল উপকূল অতিক্রম করছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নদ-নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়েছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও, পরে দুপুরের দিক থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। সন্ধ্যার পর বাড়তে থাকে বৃষ্টির প্রাবাল্য। সাথে প্রচন্ড দমকা হাওয়া বইছে উপকূলীয় এলাকায়।
ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানার ফলে উপকূলীয় জেলাগুলোতে দমকা বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে। এরইমধ্যে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে শুরু করেছে। সবশেষ সাংবাদিকদের একথা বলেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। ঘূর্ণিঝড়ের প্রভাবে সারাদেশে কাল বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেয়া হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় রিমালের কারণে সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে, ঘূর্ণিঝড় বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন,আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পর থেকেই সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। ৮ লাখেরও বেশি মানুষ ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।



