আজ ব্যাংক থেকে এক লাখ টাকার বেশি তোলা যাবে না

নিরাপত্তা ইস্যুতে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে বিভিন্ন ব্যাংকে টাকা বহনের মতো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ব্যাংকগুলোয় তারল্য সংকট দেখা দিয়েছে।
“এজন্য সাময়িক পরিস্থিতি সামাল দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
রোববার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হলে সব আবার আগের রূপে ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিবিসি বাংলাকে তিনি বলেন, “পুলিশ না থাকায় আমরা ক্যাশ রেমিট্যান্স বহন করতে পারছি না। অনেক ব্যাংকের শাখায় পর্যাপ্ত ক্যাশ নেই, অনেক এটিএম-এ ক্যাশ নেই।”
“এক্ষেত্রে গ্রাহকরা চেকের মাধ্যমে এক লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এ সীমা এজন্য বেধে দেয়া, যেন আমরা বেশি গ্রাহককে সেবা দিতে পারি।”
বুধবার রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের জরুরি বার্তায় টাকা উত্তোলনের এই সীমা আরোপ করা হয়।
তবে একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।



