
শেখ হাসিনার সরকারের পতনের পর তার মন্ত্রিসভার সদস্য এবং যেসব সংসদ সদস্যকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বিচারিক আদালতে তাদের উপস্থাপনের পর সেখানে তাদের পক্ষে ছিল না কোন আইনজীবী।
রোববার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দেয়া এক বিজ্ঞপ্তিতে আসামীদের পক্ষে কোন আইনজীবী না থাকলে সেক্ষেত্রে লিগ্যাল এইডের প্যানেল থেকে আইনজীবী নিয়োগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশে এ আদেশ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আদালতে উপস্থিত আসামীদের আইনগত সহায়তা নিশ্চিত করা আবশ্যক।
আদালতে উপস্থিত আসামীদের কেউ যেন আইনগত সহায়তা বঞ্চিত না থাকেন সে কারণে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার নির্দেশ দেয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আসামীদের পক্ষে নিযুক্ত আইনজীবীরা যাতে নির্বিঘ্নে ও বাধাহীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সে বিষয়ে সকলকে সহযোগীতা করার নির্দেশও দেয়া হয়েছে।



