আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

আট মাসের বেতনসহ সিআইএর কর্মীদের পদত্যাগের প্রস্তাব ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) কর্মীদের আট মাসের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ পদত্যাগের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মী সংকোচনের উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিআইএর মুখপাত্র ও বিষয়টি সম্পর্কে অবগত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় নিরাপত্তা বিভাগের অধিকাংশ কর্মীকে এই প্রস্তাবের আওতায় আনা হয়নি বলে ধারণা করা হচ্ছে।

সিআইএর নতুন পরিচালক জন র‍্যাটক্লিফ ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। তিনি ট্রাম্প প্রশাসনের লক্ষ্য অনুযায়ী গোয়েন্দা কার্যক্রমে পরিবর্তন আনতে চান, বিশেষত পশ্চিম গোলার্ধের কিছু দেশকে নতুনভাবে নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এই পদত্যাগ প্রস্তাব সংস্থার সব কর্মীর জন্য উন্মুক্ত হলেও বিশেষায়িত দক্ষতার প্রয়োজনীয়তা রয়েছে এমন কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকতে পারে বলে জানিয়েছে একটি সূত্র। তবে সিআইএর ক্ষেত্রে অন্যান্য কেন্দ্রীয় সরকারি সংস্থার মতো ব্যাপক কর্মী ছাঁটাই হবে না বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল, যেখানে বলা হয় যে ট্রাম্প ও তাঁর মিত্ররা দীর্ঘদিন ধরে সিআইএর কর্মকর্তাদের ‘ডিপ স্টেটের’ (গোপন শক্তি) অংশ হিসেবে দেখে আসছেন এবং মনে করেন তারা ট্রাম্পকে দুর্বল করার চেষ্টা করেছেন।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সরকারি কর্মীদের প্রতিনিধিত্বকারী কয়েকটি সংগঠন ইতোমধ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button