জামিন পেল মৃ/ত্যুদণ্ডপ্রাপ্ত সেই এরফান

ইরানের সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে মৃত্যুদণ্ডের শঙ্কায় বিশ্বজুড়ে আলোচনায় আসা তরুণ এরফান সোলতানি জামিনে মুক্তি পেয়েছেন। ২৬ বছর বয়সী এই তরুণের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হেংগাও’ এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এরফানের আইনজীবী আমির মুসাখানি জানান, প্রায় ১৬ হাজার মার্কিন ডলার বা দুই বিলিয়ন তুমান জামানত পরিশোধের বিনিময়ে গত শনিবার তাকে মুক্তি দেওয়া হয়। কারামুক্তির সময় তার ব্যক্তিগত জিনিসপত্র ও মোবাইল ফোনও ফেরত দেওয়া হয়েছে। এর আগে জানুয়ারির শুরুতে তেহরানের পশ্চিমাঞ্চলে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।
গত মাসে এরফানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে—এমন সংবাদ আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে ইরান সরকারের দাবি, মৃত্যুদণ্ডের বিষয়টি ছিল বিদেশি গণমাধ্যমের অপপ্রচার। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, এরফানের বিরুদ্ধে মূলত জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্র এবং রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে প্রচারণার অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, গ্রেফতারের পর এরফানকে দীর্ঘ সময় কোনো আইনি সহায়তা নিতে দেওয়া হয়নি। এমনকি তার পরিবারকেও বিচারিক প্রক্রিয়া সম্পর্কে অন্ধকারে রাখা হয়েছিল। তবে পরিবারের দাবি, এরফান কোনো সহিংসতায় জড়িত ছিলেন না; তিনি কেবল সাধারণ মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতার দাবিতে শান্তিপূর্ণভাবে নিজের মত প্রকাশ করেছিলেন।



