ইন্ডিয়াআন্তর্জাতিক

পাঁচ বছরে সম্পদ কমলো মমতার, এখনও নেই বাড়ি-গাড়ি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২০২১ সালের তুলনায় ২০২৬ সালে সম্পত্তি কমেছে বলে তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করা হয়েছে। ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামা অনুযায়ী, তার হাতে নগদ রয়েছে প্রায় ৭৫ হাজার টাকা।

হলফনামায় বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের নামে কোনো বাড়ি বা গাড়ি নেই। স্থাবর সম্পত্তিও তার নেই। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বেতন নেন না এবং প্রাক্তন সাংসদ হিসেবেও পেনশন গ্রহণ করেন না।

তার আয়ের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে ব্যাংকে জমা অর্থের সুদ এবং বই বিক্রির রয়্যালটি। বর্তমানে তার দুটি ব্যাংক অ্যাকাউন্টে মোট প্রায় ১২ লাখ ৭৬ হাজার টাকা রয়েছে বলে জানানো হয়েছে।

মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ধরা হয়েছে প্রায় ১৫ লাখ ৩৭ হাজার টাকা। তুলনামূলকভাবে ২০২১ সালের তুলনায় এই সম্পত্তি কিছুটা কমেছে বলেও হলফনামায় উল্লেখ রয়েছে। সেই সময় তার মোট অস্থাবর সম্পত্তি ছিল প্রায় ১৬ লাখ ৭২ হাজার টাকা।

হলফনামা অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু স্বর্ণালংকার রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা।

এছাড়া তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা এফআইআর নেই এবং তিনি সম্পূর্ণ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি মাধ্যমিক, স্নাতক ও আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button