আন্তর্জাতিকইন্ডিয়া

‘হিন্দুরা মেঝে থেকে গোমূত্র চেটে খায়’— ইহুদি ধর্মপ্রচারকের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক: হিন্দু ধর্মীয় বিশ্বাস ও ভারতীয় চিকিৎসকদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি-আমেরিকান ইহুদি ধর্মপ্রচারক রাব্বি ইয়োসেফ (ইয়োসি) মিজরাহি।

সম্প্রতি তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারতের বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই তাঁর বক্তব্যকে বর্ণবাদী ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার শামিল বলে মন্তব্য করেছেন।

ভিডিওতে কী বলেছেন তিনি

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রচারমাধ্যম ‘ডিভাইন ইনফরমেশন’-এর পরিচালক মিজরাহি ভিডিওতে দাবি করেন, তাঁর ফেসবুক পেজে কর্মরত একজন ভারতীয় ব্যক্তি ইহুদি ধর্ম গ্রহণে আগ্রহ প্রকাশ করেছিলেন। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং ভারতীয়দের পশুপালনসংক্রান্ত সংস্কৃতি নিয়ে বিদ্রূপ করেন।

ভিডিওতে তাঁকে ভারতীয়দের গরুর পূজা করা এবং গোমূত্র পান করার বিষয়ে কটাক্ষ করতে শোনা যায়। এমনকি এসব বিশ্বাসের অনুসারীদের মধ্যে চিকিৎসকও রয়েছেন বলে মন্তব্য করেন তিনি। একপর্যায়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাঁকে যেন ভারতীয়দের মতো করে সৃষ্টি করা হয়নি।

এ ছাড়া নয়াদিল্লির একজন চিকিৎসককে নিয়ে কাল্পনিক কথোপকথন এবং ভারতের রাস্তায় গরুর চলাচলের কারণে যানজটের বিষয়টিও উপহাসের ভঙ্গিতে তুলে ধরেন তিনি।

বিভিন্ন মহলে প্রতিবাদ ও নিন্দা

মিজরাহির বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইসরায়েলি গবেষক ও লেখক ইয়েশায়া রোজেনম্যান তাঁর মন্তব্যের সমালোচনা করে বলেন, এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তির জন্য ব্যাপক ক্ষতির কারণ হতে পারে।

রোজেনম্যানের অভিযোগ, মিজরাহি এর আগেও বিভিন্ন ধর্মের অনুসারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ক্যানসারে আক্রান্ত রোগীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছেন।

অন্যদিকে, ভারতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ এম আবু শাওয়েশ সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান জানান। যদিও তিনি সরাসরি মিজরাহির নাম উল্লেখ করেননি, তবে তাঁর বার্তায় বলা হয়, ‘বর্ণবাদীরা আমাদের সবার জন্যই বিপজ্জনক।’

এদিকে সাধারণ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার ও আইনি সচেতনতা সংশ্লিষ্ট গোষ্ঠীও তাঁর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে।

আগেও বিতর্কে জড়িয়েছেন মিজরাহি

ইসরায়েলে জন্ম নেওয়া ইয়োসেফ মিজরাহি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করে অনলাইনে ধর্মীয় প্রচার চালিয়ে আসছেন। অতীতেও তাঁর একাধিক বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হলোকাস্টে নিহত ইহুদির সংখ্যা নিয়ে বিতর্কিত দাবি করেছিলেন তিনি। তাঁর দাবি ছিল, নিহতের সংখ্যা ১০ লাখেরও কম। অথচ ঐতিহাসিক তথ্য অনুযায়ী, নাৎসি বাহিনীর গণহত্যায় প্রায় ৬০ লাখ ইহুদি প্রাণ হারিয়েছিলেন। এ বক্তব্যের জন্য ব্যাপক সমালোচনার মুখে পরবর্তী সময়ে ক্ষমা চান মিজরাহি।

সর্বশেষ বিতর্কিত মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত ইয়োসেফ মিজরাহি কিংবা তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button