বাংলাদেশঅপরাধআইন-বিচার

বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় ৫ দিনের রিমান্ডে শিহাব

বাংলা টিভি ডেস্ক: বনশ্রী এলাকায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত শিহাব হোসেন-এর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ মে) তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানা পুলিশ-এর এসআই সাইফুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

পুলিশ জানায়, নিহত শিশুর নাম মো. আবদুল্লাহ (১০)। সে আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী ছিল। গত ১৯ মে রাতে মাদ্রাসার বাথরুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্তে শিশুটির শরীরে যৌন নির্যাতনের আলামত পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত শিহাবের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের আরও কয়েকজন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার আগেই শিহাব মাদ্রাসা ছেড়ে বেড়া উপজেলায় নিজ গ্রামের বাড়িতে পালিয়ে যান। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে নিহত শিশুর মা টুকু আরা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলায় শিহাব হোসেনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button