নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

বাংলা টিভি ডেস্ক: যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।
বুধবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় ছাত্রশক্তি ও যুবশক্তির কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে রয়েছেন খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম ও রুপম আহসান অর্নব।
তবে হামলার সময় গাড়িবহরে থাকা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও দলের অন্য নেতারা নিরাপদ ছিলেন বলে জানানো হয়েছে।
ঘটনার সময় কারা হামলায় জড়িত ছিল বা কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, সীমান্ত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে তাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানো হয়। তিনি জানান, এর আগে তারা সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
তিনি আরও বলেন, সীমান্তে মানবিক মর্যাদা ও নাগরিক অধিকার রক্ষার বিষয়ে তাদের অবস্থান অব্যাহত থাকবে।



