
রুহুল আমিন: ঢাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘শাহ সিমেন্ট–ইমা মিডিয়া কাপ ফুটবল ২০২৬ (সিজন–১)’। গতকাল বুধবার ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা–EMMA)-এর উদ্যোগে এবং দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ‘শাহ সিমেন্টের’ প্রধান পৃষ্ঠপোষকতায় আয়োজিত চারদিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনে জয় পেয়েছে বাংলা টিভি। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৫টায় আনন্দ টিভির মুখোমুখি হয় বাংলা টিভি। এতে সজল বিশ্বাসের গোলে আনন্দ টিভিকে ১-০ গোলে হারিয়েছে বাংলা টিভি।
সরেজমিনে জানা যায়, নির্ধারিত ২০ মিনিটের বেশিরভাগ সময়ই মাঠে দাপট ছিল বাংলা টিভির। খেলার শেষ মুহূর্তে ৫ মিনিট আগে বাংলা টিভির সজল বিশ্বাস আনন্দ টিভির জালে বল পৌঁছায়। পরে আর ৫ মিনিটের দুই দলই কোনো গোল করতে পারেনি। এর ফলে ১-০ গোলে জয় লাভ করে বাংলা টিভি।
এর আগে ১১টা ৩০ মিনিটে দুরন্ত টিভির মুখোমুখি হয় বাংলা টিভি। সেই ম্যাচে কোনো দলই নির্ধারিত ২০ মিনিটের মধ্যে কোনো গোল করতে পারে নাই। এর ফলে দুই দলের ড্র-এর মধ্যে খেলা শেষ হয়।
অবশ্য নিজেদের প্রথম ম্যাচে চ্যানেল নাইনের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলা টিভি। তবে সেই ধাক্কা সামলে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় দলটি।
গতকাল ঢাকার বনানী মাঠ (কামাল আতাতুর্ক অ্যাভিনিউ) এলাকায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সকাল ১১টায় শুরু হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন মিডিয়া হাউসের প্রতিনিধি, ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্ট শুধুমাত্র একটি ফুটবল প্রতিযোগিতা নয়, বরং গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং সুস্থ বিনোদনের একটি বড় প্ল্যাটফর্ম। মাঠে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কর্মীদের অংশগ্রহণে শুরু থেকেই দেখা যায় প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত পরিবেশ।
স্পন্সর হিসেবে রয়েছে আরও কয়েকটি বড় ব্র্যান্ড—কফি পার্টনার হিসেবে আমা কফি, বেভারেজ পার্টনার হিসেবে ফ্রেশ এবং আইসক্রিম পার্টনার হিসেবে ইগলু।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চার দিনব্যাপী টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই। সেদিন বিকেল ৫টায় সমাপনী ও পুরস্কার বিতরণী পুরস্কার অনুষ্ঠিত হবে।



