
বরিশালে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শের-ই বাংলা মেডিকেল কলেজ এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এখন থেকে অবহেলিত বরিশাল আর অবহেলিত থাকবে না। পদ্মাসেতু নির্মাণ শেষ হলে তার উন্নয়নের ছোঁয়া সব জায়গায় ছড়িয়ে পড়বে। যোগাযোগ ব্যবস্থার সুবিধায় বরিশালে রেল সংযোগ স্থাপন কথাও বলেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য একশ’টি অর্থনৈতিক অঞ্চল তৈরির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাতকে উন্মুক্ত করা হয়েছে বলে জানান তিনি। ২০৪১ সালে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নত দেশে পরিণত হবে বলেও আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নেও ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে।



