গ্রাম বাংলাদেশবাংলা

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাক, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মেলান্দহগামী একটি মোটরসাইকেলের সাথে জামালপুরগামী একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পেছন থেকে অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের শিশুসহ তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এই দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ও ঘটনাস্থলে মৃতের সংখ্যা বেড়ে বর্তমানে চারজনে দাঁড়িয়েছে।

নিহতরা হলেন— ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার বাসিন্দা মোর্শেদ আলম, তার স্ত্রী ইকরামা এবং তাদের ৮ মাস বয়সী কোলের শিশু সন্তান রিফা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাহনগুলো জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button