
খালেদা জিয়ার শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন।
শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের এখানে তার কয়েকটি এক্সরে করানো হয়েছে।
আগামীকাল রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট হাতে পেলে আমরা তার অবস্থার বিষয়ে বিস্তারিত বলতে পারব।
এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কারাগার থেকে বিএসএমএমইউ-এ নেয়া হয় খালেদা জিয়াকে।
দুপুর দেড়টার দিকে তাকে হাসপাতাল থেকে ফের কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
বিএসএমএমইউ পরিচালক বলেন,খালেদা জিয়া দীর্ঘ একমাস আমাদের এখানে ভর্তি ছিলেন।
বয়স ও হাড়ক্ষয়জনিত অসুস্থতা রয়েছে তার। তিনি যেসব শারীরিক সমস্যা নিয়ে এসেছিলেন,
আমরা চেষ্টা করেছি তাকে সবগুলো চিকিৎসা দিতে। বিভিন্ন ইনভেস্টিগেশনের রিপোর্টও আমরা ভালো পেয়েছি।
তিনি বলেন, আমরা আগে থেকেই খালেদা জিয়ার জন্য হাসপাতালের ৫১২ নম্বর কক্ষ প্রস্তুত করে রেখেছিলাম।
তিনি চেয়েছিলেন তার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক থাকুক, আমরা সে ব্যবস্থা করে দিয়েছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রিপোর্ট পাওয়ার পর তা কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
কারা কর্তৃপক্ষ সেগুলো মেডিকেল টিমের কাছে পৌঁছে দেবে।
তাকে ফলোআপে রাখা হবে কি না— জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেন, তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। সেই বোর্ডের অধীনেই তিনি ফলোআপে থাকবেন। বিএসএমএমইউতে খালেদা জিয়াকে উন্নত ফিজিওথেরাপি দেওয়া হয়েছে এবং ফিজিওথেরাপি চলবে বলেও জানান তিনি।
খালেদা জিয়াকে বিএসএমএমইউ থেকে কারাগারে নিয়ে যাওয়ার বিষয়টি কখন তাকে জানানো হয়েছে— জানতে চাইলে আব্দুল্লাহ আল হারুন বলেন, আপনারা জানেন, কিছু প্রশাসনিক বিষয় আছে। আমরা তাকে এ বিষয়ে জানাইনি। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাকে অবহিত করা হয়েছে।
বাংলাটিভি/এসএম/এবি



