
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের কারণে এবারের বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভায় ইজতেমা স্থগিতের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান।
তিনি জানান, নির্বাচনের আগে সব ধরনের জমায়েত নিষিদ্ধ। এছাড়া তাবলিগ জামাতের দু’টি পক্ষের মধ্যে বিরোধও আছে। এসব বিবেচনায় এবারের বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়েছে।
টঙ্গীর তুরাগতীরে আগামী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা হওয়ার কথা ছিল। তবে নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে তাবলিগ জামাতের দু’টি পক্ষ আলাদা তারিখে টঙ্গীতে বিশ্ব ইজতেমা করার ঘোষণা দিয়েছিল।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব বলেন, নির্বাচনের পর তাবলিগ জামাতের দু’টি পক্ষ বসে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করবে এবং সেই তারিখেই বিশ্ব ইজতেমা হবে। এতে সরকারের পক্ষ হতে সব ধরনের সহায়তা করা হবে।
বাংলা টিভি/টিএইচ/এবি



