
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী -পিইসি পরীক্ষা-২০১৮ শুরু হচ্ছে আগামীকাল। এবার পরীক্ষায় থাকছে না এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন।
রোববার থেকে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২৬ নভেম্বর। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট বেশি সময় পাবে।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, এ বছরের পরীক্ষার ফল নির্বাচনের আগেই প্রকাশ করা হতে পারে। আমরা মনে করি না, নির্বাচনের কারণে ফল প্রকাশ এবং বই বিতরণে কোনো সমস্যা হবে।
ইতোমধ্যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিটি জেলার পরীক্ষা কার্যক্রম পরিদর্শনের জন্য ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বছর ছয়টি বিষয়ে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ১২ লাখ ৭৮ হাজার জন ছাত্র এবং ১৪ লাখ ৯৮ হাজার ছাত্রী। গত বছরের চেয়ে এবার ২৩ হাজার ৪৭২ জন শিক্ষার্থী বেশি। এবার ৭ হাজার ৪১০টি কেন্দ্রে এ পরীক্ষা হবে। পরীক্ষার দায়িত্ব পালনে ন্যূনতম অবহেলা বা অনিয়মের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে মন্ত্রণালয়।
প্রাথমিক সমাপনীর সূচি
১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা।
ইবতেদায়ি সমাপনীর সূচি
১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর কুরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকাহ।
বাংলা টিভি/ টিএইচ/এবি



