রংপুরের পল্লীনিবাসেই এরশাদকে দাফনের সিদ্ধান্ত

রংপুরেই জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজ হাতেগড়া ‘পল্লীনিবাসে’ই হবে তার শেষ ঠিকানা।
রংপুরবাসীর ভালবাসার কাছে হেরে গিয়ে এরশাদের মরদেহ তাদের হাতেই তুলে দেওযার কথা জানালেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, রংপুরবাসীর ভালবাসার কাছে আমরা হেরে গেছি। তাই তাদের হাতে মরদেহ তুলে দিয়ে আমরা নিরাপদ আশ্রয়ে চলে এসেছি।’
মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় পার্টির সদ্য প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ রংপুরে নেওয়ার পর থেকেই দাফন নিয়ে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল শুরু হয়। দুপুরে জানাজা শেষেই রংপুরের মেয়র মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীসহ লাখো মানুষ মরদেহ নিয়ে যান পল্লী নিবাসে। এই পরিস্থিতিতে স্থানীয় নেতা-কর্মীদের জোরালো দাবির মুখে মরদেহ দাফনের ঘোষণা দেন জি এম কাদের।
এরশাদের দাফন রংপুরে করার বিষয়ে তাঁর স্ত্রী রওশন এরশাদ সম্মতি দিয়েছেন বলে জাতীয় পার্টির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এরশাদের মৃত্যু হয়। এরপর জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা এরশাদের কবর ঢাকার সামরিক কবরস্থানে দেওয়ার কথা জানান। তবে ওইদিন থেকেই রংপুরের জাতীয় পার্টির নেতা–কর্মীরা এরশাদের নিজ শহর রংপুরে দেওয়ার দাবি করতে থাকেন। রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান শুরু থেকেই এরশাদের দাফন রংপুরের করার বিষয়ে দাবি তুলতে থাকেন।
বাংলা টিভি/ রিয়েল



