রাজনীতি

ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার চান্দিনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাজি মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর ৯০ বছর বয়সী এক নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাজি মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীতে দীর্ঘদিন ধরে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০২ সালে চান্দিনা পৌরসভা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চান্দিনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারির দায়িত্বে ছিলেন।

পেশাগত জীবনে হাজি মনিরুল ইসলাম বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় চান্দিনার বিশ্বাস কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

হাজি মনিরুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর, চান্দিনা উপজেলা ও পৌরসভা শাখার নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button