‘ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগে শেষ করতে হবে’

বাংলা টিভি ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে দুপুর আড়াইটায় বৈঠকটি শুরু হয়।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বিভিন্ন পরীক্ষা ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। প্রয়োজনে নির্বাচনের ধাপও কমানো হতে পারে। তবে যেকোনো পরিস্থিতিতেই আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
তিনি জানান, শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষা যাতে ভোটের কারণে ব্যাহত না হয়, সেদিকেও কমিশনকে গুরুত্ব দিতে হচ্ছে। এ কারণে নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণের আগে সংশ্লিষ্ট সব বিষয় বিবেচনা করা হবে।
ইসি সানাউল্লাহ বলেন, নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা থাকায় ওই সময়ে ভোট আয়োজন নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। জানুয়ারি মাসে তুলনামূলকভাবে সময় পাওয়া গেলেও তখন রমজান মাস রয়েছে। এসব বিষয় নিয়ে কমিশন আরও কয়েক দফা আলোচনা করবে। এরপর কমিশনের সভায় স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে।
তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ না হলেও দ্রুততম সময়ের মধ্যে তা জানানো হবে।
এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখও জানানো হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।



