Uncategorized

টেবিল টেনিসে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘উন্মুক্ত প্রাইজমানি র‍্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৬’-এ দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। প্রতিযোগিতায় মহিলা একক ও অনূর্ধ্ব-১৯ বালক এককে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি পুরুষ এককে রানারআপ হয়েছে বাহিনীটির খেলোয়াড়রা।

১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এই টুর্নামেন্টে আনসার-ভিডিপি, বাংলাদেশ সেনাবাহিনী, বিকেএসপিসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০০ খেলোয়াড় অংশ নেন। চার দিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

মহিলা এককে আনসার-ভিডিপির খেলোয়াড় চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড় রানারআপ হন। এ ইভেন্টে আনসার-ভিডিপি ও সেনাবাহিনীর আরও দুই খেলোয়াড় যৌথভাবে দ্বিতীয় রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

পুরুষ এককে শিরোপা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই বিভাগে আনসার-ভিডিপির খেলোয়াড় রানারআপ হন। পাশাপাশি আনসার-ভিডিপি ও বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়রা যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছেন।

অনূর্ধ্ব-১৯ বালক এককেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখে আনসার-ভিডিপি। এ বিভাগে বাহিনীটির একজন খেলোয়াড় চ্যাম্পিয়ন এবং আরেকজন রানারআপ হন। বিকেএসপির একজন খেলোয়াড় দ্বিতীয় রানারআপ হয়েছেন।

টেবিল টেনিসে এই অর্জন ক্রীড়াঙ্গনে আনসার ও ভিডিপির ধারাবাহিক সাফল্যের পাশাপাশি খেলোয়াড়দের প্রতিভা ও দক্ষতা বিকাশে বাহিনীটির ভূমিকারও প্রতিফলন। প্রতিভাবান খেলোয়াড় তৈরি, তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক খেলাধুলায় আনসার-ভিডিপির অংশগ্রহণ ও সাফল্য দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button