চাঁদে অবতরণে ব্যর্থ হলো চন্দ্রায়ন-২

চন্দ্রপৃষ্ঠ ছোঁয়ার সৌভাগ্য হলো না ভারতের। ভারতীয় নভোযান চন্দ্রায়ন-২ চন্দ্রপৃষ্ঠ স্পর্শের আগেই কন্ট্রোল রুমের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয় বলে জানিয়েছে ব্যাঙ্গালুরে ইসরোর হেডকোয়ার্টার। চন্দ্রাভিযানের এই ব্যর্থতা নিয়ে টুইটারে উঠেছে ঝড়।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, রাত ২.২০ মিনিটে, চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে থাকা অবস্থায় মহাকাশযান চন্দ্রায়ন-২ এর সঙ্গে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়। নির্ধারিত সময়ের মধ্যে গতিবেগ কমানো সম্ভব হয়নি মহাকাশযানটির পক্ষে। তাই সফট ল্যান্ডিং করেনি চন্দ্রায়ন-২। ঘণ্টায় প্রায় ৬ হাজার কিলোমিটার গতিবেগে চাঁদের ভূপৃষ্ঠে আছড়ে পড়েছে চন্দ্রায়নের ল্যান্ডার। অথচ সফট ল্যান্ডিং এর জন্য গতিবেগ থাকার দরকার ছিল ঘণ্টায় ৭ কিলোমিটার। আর এই অবতরণ প্রক্রিয়া একেবারেই স্বয়ংক্রিয়, তাই কোনোরকম হস্তক্ষেপেরও সুযোগ ছিল না।
৭ সেপ্টেম্বর শনিবার দেওয়া ভাষণে চন্দ্রবিজয়ে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, চন্দ্রপৃষ্ঠ স্পর্শে ভারতীয়দের আকাঙ্ক্ষা আগের চেয়ে এখন আরও বেশি জোরাল হয়েছে। সেরা প্রাপ্তিটা এখনো বাকি রয়েছে গেছে। আর তাই ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর পাশে থাকবেন তিনি। খবর– এনডিটিভি
মোদি তার দেওয়া বক্তব্যে ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের প্রশংসা করে আরও বলেন, আপনারা ভারতের মাথা উঁচু রাখতে নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়ে থাকনে ও ঘুমহীন রাত কাটান। মোদি আরও বলেন, গতরাতে আমি আপনাদের মানসিক অবস্থা বুঝতে পারি। আমি আপনাদের মুখের ভাষায় দুঃখ পড়তে পারি।



