’অনুপ্রবেশকারীদের একজনকেও এদেশে থাকতে দেবো না’

রবিবার আসামের গুয়াহাটিতে এক অনুষ্ঠানে প্রতিটি অবৈধ অনুপ্রবেশকারীকে দেশছাড়া করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, ভারত সরকার, একজন অবৈধ অনুপ্রবেশকারীকেও এদেশে থাকতে দেবে না। এটা আমাদের প্রতিশ্রুতি।– সূত্র: এনডিটিভি
অমিত শাহ তার বক্তব্যে অবৈধ মুসলিম অভিবাসী বলতে তাদের বাংলাদেশি হিসেবে ইঙ্গিত করেন। এর আগে ২০১৮ সালে মুসলমান অভিবাসীদের উইপোকা হিসেবে আখ্যায়িত করেছিলেন অমিত শাহ। সে সময় দলীয় এক সমাবেশে তিনি বলেছিলেন, ভারতে থাকা ‘অবৈধ বাংলাদেশিদের’ শনাক্ত করে এক এক করে তাড়িয়ে দেওয়া হবে।
একই বছরের আগস্টে কলকাতায় বিজেপির এক সমাবেশে তিনি পুনরায় বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়াতেই ভারতে নাগরিক তালিকা প্রণয়ন করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় এটি বন্ধ করা হবে না বলেও তিনি জানায়। ।
২০১৯ সালের ৩১ আগস্ট প্রকাশিত আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) থেকে বাদ পড়েছেন আসাম রাজ্যের ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। তবে এ তালিকা নিয়ে খুশি নয় ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।
চূড়ান্ত তালিকা প্রকাশের পর আসামের অর্থমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এনআরসি নিয়ে বিজেপি সন্তুষ্ট নয়। আরও বেশি সংখ্যক অবৈধ অভিবাসীর (মুসলিম) নাম তালিকা থেকে বাদ পড়ার কথা। রাজ্য থেকে সব বিদেশিকে তাড়িয়ে দিতে বিজেপি কাজ করে যাবে।
বাংলাটিভি/ সৌরভ নূর



