আশুলিয়া মহাসড়কের দু’পাশ পরিণত হয়েছে ভাগাড়ে

খন্দকার আলমগীর, আশুলিয়া : শিল্পাঞ্চল খ্যাত আশুলিয়ায় নেই কোন ময়লা ফেলার নির্ধারিত স্থান বা ডাস্টবিন। প্রতিদিনের ময়লা আবর্জনার স্থান হচ্ছে মহাসড়কের দু’পাশ। এতে একদিকে সৃষ্টি হচ্ছে জন দুর্ভোগ, অপরদিকে নষ্ট হচ্ছে পারিবেশ। এখান থেকে ডেঙ্গু মশার উৎপত্তি হচ্ছে বলেও মনে করছেন অনেকে।
আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে প্রায় দশটি স্থানের উভয় পাশে ময়লার স্তুপ যেন ডাস্টবিনে পরিণত হয়েছে। মহাসড়কের পাশে ময়লা ফেলা নিষেধ সাইনবোর্ড লেখা থাকলেও, তা মানছেন না কেউ। এতে পরিবেশ দূষনের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন সচেতন মহল। ফলে, পরিবেশগত দিক থেকে প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি সাধারণ মানুষের চলাচল দুর্বিসহ হয়ে উঠেছে।
এখানকার ময়লা-আবর্জনার দুর্গন্ধে, শিল্প কারখানার হাজার হাজার শ্রমিক আসা-যাওয়া করে নাক-মুখ চেপে। দীর্ঘদিন এ সমস্যা থাকলেও যেন দেখার কেউ নেই। মহাসড়কের পাশে ময়লা অবর্জনায় ডেঙ্গু মশা দিনদিন বেড়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
জনসতেনতা বাড়ানোর পাশাপাশি ময়লা ফেলার ব্যাপারে পদক্ষেপ নেয়া জরুরী বলে মনে করেন সচেতন নাগরিক কমিটির লায়ন ইমাম হোসেন।
আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নের ইউপি সদস্য আবু তাহের মৃধা বলেন, মহাসড়কের পাশে ময়লা-আর্বজনা না ফেলে নির্দিষ্ট কোন ভাগাড় অথবা নির্ধারিত ডাষ্টবিন স্থাপন এখন সময়ের দাবী।
বাংলাটিভি/ এসনূর



