দেশবাংলা

মাদকের ভয়াবহ থাবায় চাটখিল উপজেলা

ইয়াকুব নবী, নোয়াখালী : নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিমাঞ্চলে মাদকের ভয়াবহ থাবায় ধ্বংস হচ্ছে যুবসমাজ। মাদক কারবারীদের সাথে জড়িতরা প্রভাবশীল হওয়ায় স্থানীয়রা ভয়ে প্রতিবাদ জানাতে পারেন না। আর তাই নির্বিগ্নে চালিয়ে যাচ্ছেন মাদক ব্যবসা। দিন দিন মাদক ব্যবসায়ী ও সেবনকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা।

নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিমাঞ্চলের খিলপাড়া ইউনিয়নসহ পাশ্ববর্তী গ্রামগুলোতে হাত বাড়ালে পাওয়া যাচ্ছে মদ, গাঁজা, ফেনসিডিলসহ মরণ নেশা ইয়াবা। এলাকাটি লক্ষীপুর সীমান্তবর্তী হওয়ায় মাদক কারবারীরা সহজে লক্ষীপুর থেকে চাটখিলের পশ্চিমাঞ্চলে মাদক ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রন করছে।

খিলাপাড়া, শংকরপুর-কাড়িহাটি সড়ক, রহিমগঞ্জ বাজার, ডুবাই মার্কেটসহ আশপাশের এলাকা মাদক সেবী ও বিক্রেতাদের আখড়ায় পরিণত হয়েছে। মাদকসেবীরা নেশার টাকা জোগাড় করতে জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধমুলক কাজে।

এলাকায় শান্তি-শৃংখলা রক্ষার্থে দ্রুত মাদক কারবারীদের গ্রেফতারের দাবী জানিয়ে এলাকাবাসী বলেন, অভিযান চালিয়ে গ্রেফতার করলেও টাকার বিনিময়ে ছাড়া পেয়ে আবার জড়িয়ে পড়ছে মাদকের সাথে। তাই প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানাচ্ছি।

অন্যদিকে মাদক ব্যবসা নির্মূলের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারেও অভিযান চালানোর দাবী স্থানীয় খিলপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন।

তবে জেলার সীমান্তবর্তী এলাকায় প্রায়ই অভিযান চালানো হয় বলে জানান জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক।

মাদক নির্মূলে সীমান্ত এলাকায় যৌথ অভিযানের পরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানান, জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।

সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ও শান্তি শৃংখলা বজায় রাখতে প্রশাসন দ্রুত মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনবে এমন প্রত্যাশা এলাকাবাসীর।

বাংলাটিভি/ এসনূর

সংশ্লিষ্ট খবর

Back to top button