৮ বছর পর দোস্ত টেক্সটাইল মিল চালুর উদ্যোগ

জাকের হায়দার, ফেনী : ৮ বছর বন্ধ থাকার পর ফেনীর একমাত্র সরকারী প্রতিষ্ঠান দোস্ত টেক্সটাইল মিলটি পাবলিক প্রাইভেট পার্টনার’ পিপিপি এর মাধ্যমে আবারো চালুর উদ্যোগ নেয়া হয়েছে। বিটিএমসির এ মিলটি পিপিপি’র ভিত্তিতে চালু হলেও, ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে বেসরকারি প্রতিষ্ঠান। জানিয়েছেন, মিল কর্তৃপক্ষ। আর এটি চালু হলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা।
ফেনী সদরের রাণীর হাট এলাকায় ১৯৬৪ সালে শিল্পপতি দোস্ত মোহাম্মদ ২১ একর জায়গার ওপর মিলটি স্থাপন করেন। ১৯৭২ সালে বানিজ্যিকভাবে এটি জাতীয়করণ হয়। বিটিএমসি পরিচালিত টেক্সটাইল মিলটি কাঁচামালের অভাবে ২০০৮ সালে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
৩ বছর বন্ধ থাকার পর ২০১১ সালে উৎপাদন শুরু হলেও, মাত্র ৪ মাসের মাথায় প্রায় ৭৪ জন কর্মকর্তা-কর্মচারী এবং ৭শ শ্রমিক ছাটাইয়ের পর এটি বন্ধ হয়ে যায়। ২০০৭ সাল পর্যন্ত দেশের বিটিএমসি’র নিয়ন্ত্রনাধীন ৭৪টি টেক্সটাইল মিলের মধ্যে দোস্ত টেক্সটাইল প্রতিবছর প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করতো। এটি চালুর উদ্যোগ নেয়ায় খুশি প্রাক্তন কর্মচারীসহ স্থানীয়রা।
২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত মিলটির দেনা ছিলো ৫৬ কোটি টাকার অধিক। তবে সকল সমস্যা কাটিয়ে দ্রুত এটি চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান, দোস্ত টেক্সটাইল মিলের ম্যানেজার মো: কামরুজ্জামান।
মিলের জমি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। আর জরাজীর্ণ পুরনো ও অকেজো যন্ত্রপাতি অপসারণ করে, আধুনিক স্থাপনাসহ নতুন যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে মিলটি চালু হবে বলে জানান, জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।
মিলটি পূণরায় চালু হলে কর্মসংস্থানসহ দেশের অর্থনীতির নতুন খাত সৃষ্টি হবে বলে মনে করছেন, সচেতন মহল।



